সকল মেনু

ফের শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবারও অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘খুনিদের গ্রেপতার করো’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে। সেই ধারাবাহিকতায় তারা শাহবাগেই রাত্রিযাপন করেন।

তবে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি উপলক্ষে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে যায়।

তারেক রহমানের কর্মসূচি শেষ হওয়ার পর দুপুরে তারা পুনরায় শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন।

উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার হত্যার বিচার ও জড়িতদের গ্রেপতারের দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×