রাজধানীর ঝিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত্যুর আগে তার এক সহযোদ্ধাকে পাঠানো একটি বার্তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে তিনি লিখেছিলেন— ‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’।
রুমীর সহযোদ্ধা ও রাজনৈতিক ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় এই নেত্রী এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলেও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রুমী পারিবারিকভাবে বেশ চাপে ছিলেন। দুইবার বিয়ে এবং বিচ্ছেদের পর তিনি দুই সন্তানকে ছাড়াই ঢাকায় একা থাকতেন। তবে এই মৃত্যু কেবল পারিবারিক কলহের জেরে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তার সহকর্মীরা।
তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফায়েড পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন। একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমী লেখেন, ‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’। এতে হুমকি-ধমকি ও সাইবার বুলিংয়ের কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন তিনি।
হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। তবে ‘মৃত্যু অপেক্ষা করছে’—এমন বার্তার পর রুমীর মৃত্যুকে কেবল সাধারণ আত্মহত্যা হিসেবে দেখতে নারাজ তার পরিচিতজনদের একাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।