সকল মেনু

জুলাইকে রক্ষায় একমঞ্চে বিএনপি, জামায়াত ও এনসিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক নেতারা। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং নির্বাচন বানচাল করার লক্ষ্যে করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ব্যবহার করে শক্তি প্রদর্শন করছে। এর মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান চালাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় স্বার্থ এবং জুলাই অভ্যুত্থানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের মধ্যে দোষারোপ থেকে বিরত থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলতে হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে দলগুলোর মধ্যে দোষারোপের প্রবণতা বেড়েছে, যা ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিয়েছে। ক্ষুদ্র দলীয় স্বার্থ ত্যাগ করে পূর্বের মতো ঐক্য ধরে রাখতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু গোষ্ঠী এটাকে খাটো করার জন্য সুসংগঠিত ক্যাম্পেইন চালাচ্ছে। মিডিয়া, সামাজিক মাধ্যম এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এর প্রভাব দেখা যাচ্ছে। তিনি জুলাইকে সবাই মিলে রক্ষা করার আহ্বান জানান এবং বলেন, অনৈক্যকে ষড়যন্ত্রকারীরা নিজেদের জয় হিসেবে দেখছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেরা ঐক্যবদ্ধ না থাকলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থে কোনো দলই অপশক্তিকে সুযোগ করে দেওয়া উচিত নয়।

বৈঠকে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আগামী দু-এক দিনের মধ্যে সর্বদলীয় প্রতিবাদ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×