বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন। প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন এই উপদেষ্টাকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় এবং শেষ পর্যন্ত তিনি সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
রণধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান একটি সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তার ব্যক্তিগত বেসরকারি বা প্রাইভেট পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তার কাছে সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর যখন নিশ্চিত হওয়া যায় যে তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন, তখন তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি ওই বৈঠকে অংশ না নিয়ে নিজ সিদ্ধান্তেই ঢাকায় ফিরে যাওয়ার পথ বেছে নেন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে এভাবে আটকে রাখার ঘটনায় ঢাকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।