সকল মেনু

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ড ও মরদেহ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার মামলায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার একই আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছিল।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আবীর আলীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত, অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম, যা সমাজে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। আসামি ভারতীয় টেলিভিশন সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে উদ্বুদ্ধ হয়ে এই নৃশংস অপরাধটি ঘটিয়েছে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় দেন।

২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার শিশুকন্যা আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের বাসার ভাড়াটে মো. আবীর আলী আয়াতকে অপহরণ করেছিলেন। পরবর্তীতে পরিকল্পনা ব্যর্থ হওয়ায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং প্রমাণ লোপাটের জন্য লাশ ৬ টুকরো করে সাগরে ও খালে ভাসিয়ে দেওয়া হয়। ওই বছরের ২৫ নভেম্বর আবীরকে গ্রেফতার করা হলে তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

পরবর্তীতে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এতে আবীর আলী এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে অভিযুক্ত করা হয়। সহযোগী আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার অংশটি বর্তমানে শিশু আদালতে আলাদাভাবে বিচারাধীন রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×