ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (১০ জুন)।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন।
এর আগে, গত ৬ মে বাদী ও আসামি—উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১০ জুন (বুধবার) দিন ধার্য করেছিলেন। ওই দিনের শুনানিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বাদীপক্ষ। অন্যদিকে, নাসির ও তামিমা নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
মামলার এজাহার ও বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রথম রাকিবের নজরে আসে। পরে গণমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি বিস্তারিত জানতে পারেন।
মামলায় অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থাতেই তাম্মি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এছাড়া নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ আনা হয়। এই অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব হাসান এবং তার শিশু কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন এবং তাদের চরম মানহানি ঘটেছে।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৪৯৭, ৫০০ এবং ৩৪ ধারায় দায়ের করা এই মামলায় আগের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান নাসির ও তামিমাসহ তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর ২০২২ সালের ২৪ জানুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বিচারপ্রক্রিয়ায় আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।