প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২০ মে ২০২৬) সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট দল।
পাকিস্তানের বিপক্ষে এই স্মরণীয় সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৮.৩৩ শতাংশ। অন্যদিকে, ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।
দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।