মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের মূল্যবোধ ও সম্মানের যে অধিকার ও সুযোগ-সুবিধা রয়েছে, তা নিশ্চিত করা। রোববার ১৭ মে রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ভালো কিছু, দেশের মঙ্গল এবং মানুষের পাশে থাকতে অভ্যস্ত। এজন্য তাদের কাছে সবার আগে বাংলাদেশ। তিনি আরও বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস গত ৫৫ বছর ধরে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর জন্য আশা ও সহানুভূতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। বাচ্চাদের সুন্দরভাবে গড়ে ওঠার জন্য এটি একটি আদর্শ প্রতিষ্ঠান। পরিবারভিত্তিক যত্ন এবং শিশু সুরক্ষায় এই সংস্থার অবিচল প্রতিশ্রুতির কথা বাংলাদেশ সরকার গভীরভাবে মূল্যায়ন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যৌথ পরিবারের বাইরেও যে মায়া, মমতা, স্নেহ ও ভালোবাসা দিয়ে শিশুদের বড় করা যায়, এসওএস চিলড্রেনস ভিলেজেস তারই একটি অনন্য উদাহরণ। তিনি বলেন, প্রকৃত জাতীয় উন্নয়ন তখনই সম্ভব, যখন আমাদের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিকশিত হওয়ার সুদৃঢ় ভিত্তি গড়ে দেওয়া যায়। সুবিধাবঞ্চিত তরুণদের স্বাধীন ও দেশের অবদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন টেকসই সেবার মডেল তৈরি করার জন্য তিনি সংস্থাকে সাধুবাদ জানান।
আরেক বিশেষ অতিথি ব্যারিস্টার জাইমা রহমান তাঁর বক্তব্যে বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ আজ অত্যন্ত গর্বের সাথে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এর মাধ্যমে দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু, তরুণ ও পরিবারের সেবা, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নে সংস্থাটির সুদীর্ঘ ৫৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ হলো। আগামী দিনেও তিনি এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।