রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ওসি আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানান।
আদালত আবেদন মঞ্জুর করে ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন যে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আগামী মঙ্গলবার তার জামিন আবেদনের শুনানি হবে।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।
মামলার বিবরণ অনুসারে ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মো. ইমরান নামের এক যুবক গুলিবিদ্ধ হন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দেওয়ার সময় তিনি গুরুতর আহত হন। পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিল মাসে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফাহিম চৌধুরীকে আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।