দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ইতোমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীদের জন্য শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। এজন্য সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে অবৈধ মজুতদারি রোধে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে মজুত করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে সব তেল ডিপো, পেট্রল পাম্প ও তেল ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।