পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে বিএনপির ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির শুভারম্ভ করেন তিনি। এই খালটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন তিনি। দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় এসে তিনি খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচিরও শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যান। সেখানে নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।