বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) নতুন চিফ প্রসিকিউটর তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের প্রতি শুভকামনা জানিয়ে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার এ দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন টিম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, তার দায়িত্বকালে যেসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেগুলোর অনেকগুলো এখনো চলমান রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য। নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন বলে আশা করছেন তিনি।
বিদায়ী চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, বিচার প্রক্রিয়া একটি অব্যাহত ও ধারাবাহিক বিষয়। এখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
এদিন সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।