সকল মেনু

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মরণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

তিনি বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মারণাস্ত্র ব্যবহার করা হবে না। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা আরও বাড়ানো যেতে পারে। এছাড়া কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত রাখা হবে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরা হয়। কর্নেল এহসান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশব্যাপী দায়িত্ব পালন করছে। ঢাকা সেক্টরের অধীনে ঢাকা (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) এবং গাজীপুর (৬৩ বিজিবি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের মোট ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য ৪২টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিশেষ তল্লাশি কার্যক্রমের জন্য কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচনি দায়িত্ব পালনে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি, আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে—যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি পরিচালনা করবে—যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।

কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল এহসান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখা যাচ্ছে না। বিজিবি নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে পূর্ণ প্রস্তুত।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×