সকল মেনু

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চানখারপুলে ৬ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম। এই তিনজনই বর্তমানে পলাতক রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের হয়।

প্রসিকিউশনের অভিযোগ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। পরে পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি চালায়, যা প্রমাণস্বরূপ ১৯টি ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়। মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।

এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর প্রথম রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।চানখারপুল মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয় ২০২৫ সালের ২১ এপ্রিল। একই বছরের ২৫ মে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

গত বছরের ১৪ জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×