সকল মেনু

নতুন চার থানা হচ্ছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব সভায় সায় পেয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

নতুন থানাগুলো হলো গাজীপুর জেলার পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ থানা এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী থানা। এছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। সাতক্ষীরা জেলাকে পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব সভায় সায় পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’—এই দুটি বিভাগকে পুনরায় একত্রিত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ হিসেবে পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব সভায় অনুমোদিত হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর লক্ষ্য রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করা।

এছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব সভায় অনুমোদিত হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব বা জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোকে আরও দক্ষ ও জনমুখী করতে সহায়ক হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×