হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া সবার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই টার্মিনালে প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সঙ্গে আসা স্বজন, দর্শনার্থী বা অন্য কোনো ব্যক্তি এ সময় বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
সূত্র জানায়, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।