সকল মেনু

হাদিকে গুলিবিদ্ধের পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

নেত্রকোনা-ময়মনসিংহ সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র টহল লক্ষ করা গেছে। কোনভাবেই যেন ওসমান হাদির খুনি দেশ ছেড়ে পালাতে না পারে তাই দেশজুড়ে পুলিশকে কেঠোর অবস্থানে দেখা গেছে।

রাজধানীতে আলোচিত রাজনৈতিক হামলার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের সীমান্ত এলাকাতেও। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় আততায়ী যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) জানান, শুক্রবার দিনগত রাত থেকেই দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের সকল এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে অবৈধ চলাচল সম্পূর্ণভাবে বন্ধের চেষ্টা চলছে। স্থানীয় জনগণ ও পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারিও বহুগুণ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। ঘটনার পরপরই দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এই ঘটনার পর সম্ভাব্য আততায়ীর দেশত্যাগের আশঙ্কায় সীমান্ত এলাকায় যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকেই তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×