অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
মাহফুজ আলম বর্তমানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে আছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ঠিক তার আগেই এই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন। গতকাল মঙ্গলবার তাঁরা সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন।
এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই সংবাদ সম্মেলনটি মূলত তাঁদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্যই ডাকা হয়েছে।
সরকারের দায়িত্বশীল সূত্র আরও জানায়, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা বৈঠকে মিলিত হন। সাধারণত প্রতি মঙ্গলবার এই মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে বসেন। গতকালের বৈঠকেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ পদত্যাগ করছেন।
সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রায় সবাই এই ব্যাপারে একমত যে নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির সরকারে থাকা উচিত নয়। তাঁরা নির্বাচনে অংশ নিন বা না নিন, তাঁদের পদত্যাগ করতে হবে। এই মনোভাব জানার পরই তফসিল ঘোষণার ঠিক আগে আগে তাঁরা পদত্যাগ করতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন এই সরকারে জায়গা পান। এদের মধ্যে নাহিদ ইসলাম প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।