সকল মেনু

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত রাজ্য ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে ‘অবৈধভাবে’ বসবাসকারী বাংলাদেশিদের দ্রুত রাজ্য ছাড়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৬ মে) উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন দাবি করে তিনি এই মন্তব্য করেন।

হাকিমপুর সীমান্ত পয়েন্টের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হাকিমপুরের ঘটনাটি আমি টেলিভিশনে দেখেছি। আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও।” সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের উদ্দেশে সরাসরি হিন্দিতে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা” (তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তা-ই করবে)।

পুশ-ব্যাক নীতি ও সিএএ কার্যকর করার ঘোষণা

নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের (পুশ-ব্যাক) ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

অনুপ্রবেশকারীদের বিষয়ে কড়া মনোভাব ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন:

“আমরা পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, এদের জেলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। পুলিশ সরাসরি তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। দেশের মানুষের টাকায় তাদের জেলে বসিয়ে খাওয়ানো, ওষুধ বা পোশাক দেওয়ার কোনো মানে হয় না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন।”

ভোটব্যাংকের রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, “আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোটব্যাংকের কারণে কিছু মানুষ তা প্রয়োগ করেননি। আমরা ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কঠোরভাবে কার্যকর করব। আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ কেন বহিরাগতদের দেব?”

‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরপরই রাজ্যে সিএএ আইন কার্যকরের ঘোষণা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যে অবস্থানরত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে তাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীকে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্তকরণ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পুশ-ব্যাক) নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×