সকল মেনু

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

নারায়ণগঞ্জের ‘রাবেয়া এগ্রো ফার্মে’ লালন-পালন করা অ্যালবিনো (ধবল) জাতের একটি মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার অদ্ভুত মিল থাকায় শখ করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। সোনালি রঙের চুল ও মুখের গড়ন বিশিষ্ট ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে নিয়ে এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মাতামাতি চলছে।

বিষয়টি এতটাই নজর কেড়েছে যে, রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মনখারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ সেই সাথে তারা রাশিয়ান সংবাদমাধ্যম ‘আরটি’ (RT)-এর একটি প্রতিবেদনও শেয়ার করে। ওই প্রতিবেদনে মজার ছলে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে নাকি মহিষটি খাওয়া-দাওয়াই ছেড়ে দিয়েছে!

এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলার পর ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে একনজর দেখতে নারায়ণগঞ্জের ওই খামারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, ‘আমার ছোট ভাই ওর মাথার সোনালি চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছিল। তবে নামের সাথে স্বভাবের কোনো মিল নেই; মহিষটি অত্যন্ত শান্ত প্রকৃতির। আসলে অ্যালবিনো মহিষগুলো সাধারণত এমনই শান্ত স্বভাবের হয়, কেউ উত্তেজিত না করলে এরা সহজে রাগ করে না।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×