চাঁদে মানব অভিযান সফল করার লক্ষ্যে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করছে চীন। এই পরিকল্পনার অংশ হিসেবে হংকংয়ের বিজ্ঞানীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য সামনে রেখে ২০২৯ সালের চাং-ই-৮ মিশনে এই রোবটটি পাঠানোর প্রস্তুতি চলছে। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নকশা করা এই রোবটটির ওজন প্রায় ১০০ কেজি। এটি মূলত মালামাল পরিবহনের কাজ করবে এবং নভোচারীরা পৌঁছানোর আগেই বৈজ্ঞানিক সরঞ্জাম নির্দিষ্ট স্থানে স্থাপন করবে।
রোবটটির উপরের অংশ মানুষের মতো দুটি হাত দিয়ে তৈরি হলেও নিচের অংশে চার চাকার চলমান মডিউল যুক্ত করা হয়েছে। সৌরশক্তিচালিত এই রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে চারপাশের বস্তু শনাক্ত করতে এবং নিজের কাজের পরিকল্পনা করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাও ইয়ং জানিয়েছেন, চাং-ই-৭ অভিযানেও হিউম্যানয়েড রোবট পাঠানোর সম্ভাবনা রয়েছে।
গত কয়েক দশক ধরে মহাকাশ গবেষণায় চীন বিশাল বিনিয়োগ করছে। অন্যদিকে নাসা ২০২৮ সালের মধ্যে আর্টেমিস-৪ মিশনের লক্ষ্য নির্ধারণ করলেও প্রযুক্তিগত জটিলতায় তাদের সময়সূচি বারবার পিছিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেস-এক্সের ল্যান্ডিং সিস্টেমের অগ্রগতি আশানুরূপ না হলে যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযান আরও বিলম্বিত হতে পারে। সাবেক নাসা প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন সতর্ক করেছেন যে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের পেছনে পড়ে যেতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।