সকল মেনু

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪

মহারাষ্ট্রের সাঙ্গলিতে ভয়াবহ এক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ভারি বর্ষণ ও ঝড়ের কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সাঙ্গলি জেলা পুলিশ সুপার তুষার দোশি জানান, প্রতি মঙ্গলবারের মতো গতকালও মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে মন্দির চত্বরে থাকা প্রায় ৩৫০ জন দর্শনার্থী সীমানা সংলগ্ন একটি টিনশেডের নিচে আশ্রয় নেন। প্রবল বাতাসে আকস্মিকভাবে সীমানা দেওয়ালের একাংশ ও টিনশেডটি ধসে পড়লে নিচে চাপা পড়েন ভক্তরা।

উদ্ধারকর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×