সকল মেনু

ইস্টারের আগে ১২ টন কিটক্যাট চকলেট চুরি

ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনা ঘটেছে। এতে করে গ্রাহকদের মধ্যে সরবরাহ ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে।

গত ২৬ মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার (মোট ১২ টন) বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। এগুলো ছিল কিটক্যাটের নতুন ফর্মুলা ওয়ান সিরিজের চকলেট।

নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনা নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় পুলিশ ও সরবরাহ শৃঙ্খলার অংশীদারদের সঙ্গে মিলে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নেসলের তথ্য অনুসারে, ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে এই চুরি হয়। এখন পর্যন্ত ট্রাক বা চুরি হওয়া চকলেটের কোনো সন্ধান মেলেনি। তবে ঘটনায় কেউ আহত হয়নি।

ঘটনা নিয়ে নেসলে রসিকতা করে বলেছে, “আমরা সবসময় বলি— কিটক্যাট খেয়ে একটু বিরতি নাও। মনে হচ্ছে চোরেরা আমাদের কথা খুব বেশি গুরুত্ব দিয়ে ১২ টনেরও বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে!”

তবে কোম্পানিটি সতর্ক করে দিয়ে বলেছে, সাম্প্রতিক সময়ে পণ্য পরিবহনে চুরির ঘটনা বেড়েছে এবং চোরেরা আরও আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। এ কারণে তারা ঘটনাটি প্রকাশ্যে এনেছে, যাতে সবাই এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হয়। চুরি হওয়া কিটক্যাটগুলো ফর্মুলা ওয়ানের বিশেষ সংস্করণের অংশ। গত বছর কিটক্যাট ফর্মুলা ওয়ানের অফিসিয়াল চকলেট ব্র্যান্ড হওয়ার পর এই নতুন সিরিজ বাজারে আসে। এগুলো রেসিং কারের আকৃতিতে তৈরি হলেও কিটক্যাটের পরিচিত স্বাদ অটুট রাখা হয়েছে।

নেসলে জানিয়েছে, চুরি হওয়া চকলেট অবৈধ বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি পণ্যের ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী সহজেই এগুলো শনাক্ত করতে পারবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×