মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই আবার খুলে দেওয়া সম্ভব হতে পারে। একই সঙ্গে তিনি এই সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত অগ্রসর হলে প্রণালিটি “খুব শিগগিরই খুলে যাবে”। যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ—যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যতের।”
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অপরিহার্য এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, সাম্প্রতিক আলোচনা সংঘাত নিরসনে ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু “যুক্তিবাদী ও সম্মানিত” ব্যক্তির সঙ্গে আলোচনা করছে, যারা ভবিষ্যতে সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ছাড়া তিনি দাবি করেন, ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং তা “স্বয়ংক্রিয়ভাবেই” ঘটবে।
এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের “একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির” সঙ্গে যোগাযোগ করেছে, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি কথা হয়নি। তিনি আরও বলেন, ওই নেতা জীবিত আছেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।