সকল মেনু

পাকিস্তান-আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে রাশিয়া অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। মস্কো উভয় পক্ষকে সংযম প্রদর্শন করে কূটনৈতিক পথে মতপার্থক্য সমাধানের পরামর্শ দিয়েছে। খবর দ্য ডন ও রুশ বার্তা সংস্থা আরআইএ-র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, রাশিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে সীমান্ত অতিক্রমকারী হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। মস্কো সতর্ক করে বলেছে, এই উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই আলোচনা ও সংলাপই একমাত্র গ্রহণযোগ্য পথ।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও আফগানিস্তানকে সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে বিদ্যমান মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেন। পবিত্র রমজান মাসের সংযম ও ইসলামী সংহতির গুরুত্ব তুলে ধরে আরাগচি উল্লেখ করেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং সহযোগিতা বৃদ্ধিতে ইরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তিনি ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। আফগান কর্মকর্তাদের দাবি, এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ (অর্থ: ন্যায়ের ক্রোধ) শুরু করে। পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কাবুল, পাকতিয়া ও কান্দাহারসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্স-এ পোস্ট করে জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে এ অভিযান চলছে। পাকিস্তানের দাবি, এতে কমপক্ষে ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছে। একটি বড় গোলাবারুদ ডিপোও ধ্বংস করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×