ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। আজ বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) থেকে শুরু হওয়া এই অধিবেশনে রাজ্যসভা ও লোকসভায় এই প্রস্তাব উত্থাপিত হবে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইসহ বিভিন্ন সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে।
বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত এবং তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন—দুটি পূর্ণ মেয়াদ (১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬) এবং একটি সংক্ষিপ্ত মেয়াদ।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর রাজ্যসভায় সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। লোকসভায় সাবেক এমপি শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কলমাদি এবং কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে শোকপ্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব উত্থাপিত হবে।
রাজ্যসভায় পার্লামেন্ট মহাসচিব ২৬৯তম অধিবেশনে উভয় কক্ষে পাস হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিলগুলোর বিবরণী টেবিলে উপস্থাপন করতে পারেন।অধিবেশনের প্রথম পর্বে মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটসংক্রান্ত আর্থিক কার্যক্রম এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হবে।
দ্বিতীয় পর্বে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য গ্রহণ করা হবে। এই অধিবেশন দুই পর্বে বিভক্ত হয়ে চলবে—প্রথম পর্ব ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব মার্চের পর থেকে এপ্রিল পর্যন্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।