সকল মেনু

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাহসী বার্তা দিলেন মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, নিউইয়র্কে একটি নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়তার সাথে কাজ করবে।

৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। এছাড়া তিনি পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।

মামদানি বলেছেন, ‘আজ থেকে আমরা সাহসিকতার সাথে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হব না, কিন্তু চেষ্টা করার সাহস কখনো হারাব না।’ তিনি আরও বলেন, ‘আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে চরমপন্থী বলা হলেও আমি নীতি ত্যাগ করব না।’

শপথগ্রহণের পরপরই মামদানি প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর থেকে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন। তবে গুরুত্বপূর্ণ কিছু আদেশ পরে পুনঃপ্রকাশের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘কাজ এখনো শুরু হয়েছে মাত্র। আমরা সবার জন্য কাজ করব—শুধু ধনীদের বা সীমিত কিছু মানুষের জন্য নয়।’

নতুন মেয়রের অগ্রাধিকারে রয়েছে শহরের আবাসন, স্বাস্থ্য, ভাড়া নিয়ন্ত্রণ এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়ন। তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে বিনামূল্যে চাইল্ডকেয়ার, বিনামূল্যে বাস সার্ভিস, প্রায় ১০ লাখ পরিবারের জন্য ভাড়া স্থগিতকরণ এবং শহর-পরিচালিত নতুন গ্রোসারি স্টোর চালু।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১২টা ৪ মিনিটে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন ছুঁয়ে শপথগ্রহণ করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস উপস্থিত ছিলেন, যাকে মামদানি তার ‘রাজনৈতিক অনুপ্রেরণা’ বলে অভিহিত করেন।

শপথ গ্রহণ করিয়েছেন বার্নি স্যান্ডার্স (সিরেমোনিয়াল অনুষ্ঠানে) এবং উপস্থিত ছিলেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজসহ অন্যান্য প্রগতিশীল নেতারা। পরদিন সিটি হলে একটি বড় ব্লক পার্টিতে হাজারো সমর্থকের সামনে পুনরায় শপথ নেন মামদানি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×