টানা ছয় দিন নিখোঁজ থাকার পর ভারতের পাঞ্জাবের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌরের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জনপ্রিয় এই গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে রাতে নিজের ‘ফোর্ড ফিগো’ গাড়ি নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি ইন্দর। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর ১৫ মে লুধিয়ানার জামালপুর থানায় মামলা দায়ের করে তার পরিবার। পরিবারের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখা, যে বর্তমানে কানাডা প্রবাসী।
জানা যায়, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে সুখবিন্দরের সঙ্গে ইন্দরের পরিচয় ও বন্ধুত্ব হয়। তবে সুখবিন্দর বিবাহিত এবং তার সন্তান রয়েছে—এই সত্য জানতে পেরে ইন্দর তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে সুখবিন্দর প্রতিশোধের পরিকল্পনা করে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইন্দরকে হত্যার উদ্দেশ্যে সুখবিন্দর কানাডা থেকে সরাসরি ভারতে না এসে প্রথমে নেপালে পৌঁছায় এবং নেপাল সীমান্ত দিয়ে গোপনে পাঞ্জাবে প্রবেশ করে। এরপর সহযোগীদের নিয়ে বন্দুকের মুখে ইন্দরকে অপহরণের পর হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেয়। অপরাধ সম্পন্ন করেই সুখবিন্দর তড়িঘড়ি করে আবার কানাডায় পালিয়ে যায়।
এদিকে পুলিশের গাফিলতি ও ধীরগতির তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহত গায়িকার পরিবার। তাদের দাবি, পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে হয়তো ইন্দরকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। লুধিয়ানার জামালপুর থানার এসএইচও বলবীর সিং জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক মূল আসামি সুখবিন্দরকে দেশে ফিরিয়ে আনা এবং তার স্থানীয় সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, উদীয়মান এই পাঞ্জাবি গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ‘সোনে দি চিড়ি’, ‘জিজা’, ‘সোহনা লাগদা’ এবং ‘দেশি সিরে দা’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে সংগীত ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।