ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে খুব কমই দেখা যায়। সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে অফ-হোয়াইট স্যুটে তাকে দেখে ভক্ত-অনুরাগীরা অবাক হয়েছেন। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া, আর মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে তার রূপ আরও মোহনীয় হয়ে উঠেছে।
ক্যাপশনে অপু লিখেছেন, “যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো।” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে ছবিগুলোতে প্রায় সাত হাজার রিঅ্যাকশন, হাজারখানেক মন্তব্য এবং তিরিশের বেশি শেয়ার পড়ে।
নেটিজেনদের অনেকেই এই লুককে কয়েকদিন আগে শাকিব খানের ফেসবুকে পোস্ট করা একটি ছবির পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ বলছেন ম্যাচিং হয়েছে, কেউ আবার দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্য খুঁজছেন।
এই আলোচনার জবাবে অপু বিশ্বাস বলেন, “এটা তেমন কিছু না। আমার একটা ইভেন্ট ছিল। ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী এই নকশা করেছেন। ভক্তরা অনেক কিছু ভাবছেন, তবে আমি এটাকে ভালোবাসা হিসেবেই নিচ্ছি।” পোশাকের কাছাকাছি নকশা নিয়ে তিনি আরও বলেন, “এটা পুরোপুরি ডিজাইনারের কারসাজি। এর বেশি কিছু বলতে পারব না।”
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবার শুটিংয়ে ফিরেছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসানের ‘দুর্বার’ সিনেমায় তিনি প্রথমবারের মতো অভিনয় করছেন আবদুন নূর সজলের বিপরীতে।অপু বলেন, “দুর্বার একেবারে অন্যরকম সিনেমা। আমার ক্যারিয়ারে ১৯ বছরে শতাধিক ছবিতে কাজ করেছি, কিন্তু প্রম্পট ছাড়া পুরো সিনেমা শুট করার অভিজ্ঞতা এটাই প্রথম।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।