সকল মেনু

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে স্বর্ণ পাচারের একটি বড় চক্রের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে যশোর কোতোয়ালী থানাধীন দাইতলা ব্রিজ এলাকায় ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলে তার প্যান্টের পকেটে কৌশলে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারবাড এবং নগদ ১,৫৪৯ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৩,৩৬,৭৫৮ টাকা। অন্যান্য মালামালসহ জব্দকৃত সম্পদের মোট মূল্য দাঁড়ায় ৯৩,৫৯,৮০৭ টাকা।

আটক ব্যক্তির নাম বিকাশ কুমার ঘোষ (৩৪)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার তাঁতিবাজার এলাকার একটি চোরাচালান চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যেই সে যাত্রা করেছিল।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। তবে এসব অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×