বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় ধরনের স্বর্ণ পাচার প্রচেষ্টা বানচাল করেছে। অভিযানটি পরিচালিত হয় যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর। এসময় দুই জন আসামিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ১.১৬৪ কেজি ওজনের দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল এই স্বর্ণের বারগুলো। আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামীদের নাম হলো মোঃ ফরিদুল ইসলাম (২৮), পিতাঃ মোঃ আবুল কালাম, গ্রামঃ দক্ষিণ চাঁদপুর, চুয়াডাঙ্গা এবং মোঃ মাহাফুজ আলম (৩১), পিতাঃ আব্দুল লতিফ, গ্রামঃ বাজিপোতা, ঝিনাইদহ।
উদ্ধারকৃত দশটি স্বর্ণের বারের মূল্য ২,১০,৬৬,০৭২/- টাকা এবং এর সাথে জব্দ করা হয়েছে ০৩টি মোবাইল, ০১টি ইয়ার বাট, ০১টি পাওয়ার ব্যাংক এবং নগদ ৮,১৭২/- টাকা। সব মিলিয়ে এই সিজার অভিযানের মোট মূল্য দাঁড়ায় ২,১১,১৯,২৪৪/- (দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ) টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি’র আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, সীমান্তে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক প্রচেষ্টা সব সময়ই অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।