সকল মেনু

বস্তায় ভরে ৮ কুকুর ছানাকে হত্যা 

পাবনার ঈশ্বরদীতে আটটি সদ্যোজাত কুকুর ছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার মতো অমানবিক ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে ঈশ্বরদী থানায় প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলাটি দায়ের করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। মামলা দায়েরের পরপরই পুলিশ পৌর সদরের রহিমপুর এলাকা থেকে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, ঈশ্বরদী উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর সম্প্রতি আটটি ছানার জন্ম দিয়েছিল। অভিযোগ ওঠে যে, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে বস্তাবন্দী করে পুকুরে ফেলে হত্যা করেছেন। এই ঘটনা সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের স্বামী হাসানুর রহমানকে কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি বাসা খালি করে চলে গেছেন। প্রাণীপ্রেমী ও সচেতন মহল এই দ্রুত পদক্ষেপ এবং গ্রেপ্তারের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×