বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ রাত ৮টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সশস্ত্র বাহিনীর তিন প্রধান। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সশস্ত্র বাহিনীর প্রধানদের মধ্যে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তারা হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার পরিবারের সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তাৎপর্যপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাত সাড়ে ৮টার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৯টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল থেকে বের হন। এর কিছুক্ষণ পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে আসেন। রাত সাড়ে ৯টার দিকেও নৌ ও বিমানবাহিনীর প্রধানরা হাসপাতালে অবস্থান করছিলেন। পরে তারাও হাসপাতাল ত্যাগ করেন।
উল্লেখ্য যে, ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দীর্ঘ দিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন, যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার এবং ফুসফুসের সমস্যা। বর্তমানে তার লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের জটিলতাগুলো বাড়ায় তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর তিন প্রধানের সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।