দক্ষ জনশক্তি রপ্তানি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশগামী কর্মীদের বিদেশি শ্রম আইন, চুক্তি, অধিকার, আর্থিক ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। সম্প্রতি নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বিদেশগামী কর্মীদের একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণে প্রশিক্ষণের মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, প্রশিক্ষণে মৌখিক আলোচনার পাশাপাশি গাইডবই, প্রশিক্ষণ ম্যানুয়াল, খাতা ও কলমসহ প্রয়োজনীয় লিখিত উপকরণ সরবরাহ করা জরুরি। এতে কর্মীরা শেখা বিষয়গুলো বিদেশে গিয়েও প্রয়োজনে দেখে নিতে পারবেন এবং শ্রম চুক্তি ও জরুরি যোগাযোগসংক্রান্ত তথ্যগুলো সহজেই তাদের হাতের কাছে থাকবে। একই সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সাপ্লাই বা চুক্তিভিত্তিক ভিসায় যাওয়া কর্মীদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিদেশ যাওয়ার আগেই ভিসার ধরন, কাজের প্রকৃতি, বেতন, চুক্তির মেয়াদ ও নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে কর্মীদের অপ্রত্যাশিত ভোগান্তি ও অসময়ে দেশে ফিরে আসার ঝুঁকি অনেক কমে যায়।
নিরাপদ অভিবাসনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নির্ধারিত নীতিমালা অনুযায়ী সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণের বিষয়টি নিশ্চিত করা জরুরি। বৈধ এজেন্সি যাচাই ও ভিসা সংক্রান্ত সঠিক তথ্য নিশ্চিত করার পর সরকারি নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রদান করলেই আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।
দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের বড় অবদানের কথা বিবেচনা করে ভবিষ্যতে প্রত্যেক বিদেশগামী কর্মী যেন সরকারি নির্দেশনা অনুযায়ী সব সুবিধা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় নেত্রকোণার সচেতন মহল ও এলাকাবাসী স্থানীয় টিটিসিতে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার জোরালো আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।