ইংল্যান্ড ম্যাচে ‘কালো জাদু’ করার দাবি তুলে বিশ্বজুড়ে শোরগোল ফেলা ঘানার সেই তান্ত্রিক কওয়াকু বোনসাম এবার নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। তাঁর এবারের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বোনসামের দাবি, চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে পুঁচকে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এর আগে ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের সময় গ্যালারিতে সাদা পাউডার ছিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই বোনসাম দাবি করেন, তিনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদু’ করেছিলেন, যার কারণে ওই ম্যাচে গোল পাননি এই ইংলিশ স্ট্রাইকার। অবশ্য পরের ম্যাচের আগেই তিনি জানান, কেনের ওপর থেকে ‘অভিশাপ’ তুলে নিয়েছেন তিনি। কাকতালীয়ভাবে, পানামার বিপক্ষে পরের ম্যাচেই গোল পান হ্যারি কেন।
এবার এক সাক্ষাৎকারে এই তান্ত্রিক সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে।” তাঁর এই মন্তব্যের পর ফুটবলপ্রেমীদের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামিতে শেষ ৩২ পর্বের বাঁচা-মরার ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
চলতি বিশ্বকাপে অবশ্য কেপ ভার্দে ইতিমধ্যেই বড় চমক দেখিয়েছে। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোলশূন্য ড্র এবং শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।
হ্যারি কেনকে নিয়ে বোনসাম বলেন, “আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। আমি হ্যারি কেনের ওপর থেকে অভিশাপ তুলে নিয়েছিলাম, যাতে সে গোল করতে পারে। সে আমার শত্রু নয়, আমি তার কোনো ক্ষতি করতে চাইনি। শুধু নিজের দেশ ঘানার উপকার করতে চেয়েছিলাম।” ইংলিশ অধিনায়কের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, “হ্যারি, একদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। কিছু মনে করো না, আমরা তো বন্ধু।”
তবে কওয়াকু বোনসামের এই ‘কালো জাদু’ বা অলৌকিক দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। ফুটবল বিশ্বে তাঁর এই মন্তব্যকে স্রেফ ব্যক্তিগত বিশ্বাস এবং সস্তা প্রচারণার অংশ হিসেবেই দেখা হচ্ছে। মাঠে বলের লড়াইয়েই নির্ধারিত হবে শেষ পর্যন্ত হাসবে কারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।