সকল মেনু

৭১ সেকেন্ডের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক জয়

ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেলো মরক্কো। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে আফ্রিকার এই পরাশক্তি। ম্যাচের শুরুতেই ইসমায়েল সাইবারির করা রেকর্ড গড়া একমাত্র গোলটিই শেষ পর্যন্ত মরক্কোর জয় নিশ্চিত করে।

ম্যাচের বাঁশি বাজার পরপরই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মরক্কো। এর সুফলও মেলে দ্রুত। খেলার মাত্র ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে আসা একটি নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে স্কটল্যান্ডের জালে বল জড়ান স্ট্রাইকার ইসমায়েল সাইবারি। চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক। অন্যদিকে, চলতি টুর্নামেন্টে সাইবারির এটি দ্বিতীয় গোল; এর আগে ব্রাজিলের বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন এই মরক্কান ফরোয়ার্ড।

আকস্মিক গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্কটল্যান্ড। বিশেষ করে ম্যাচের শেষভাগে মরক্কোর রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে স্কটিশরা। আক্রমণের এক পর্যায়ে পেনাল্টির জোরালো আবেদনও জানায় তারা, তবে রেফারির সাড়া মেলেনি।

শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মরক্কো। এই জয়ে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট টেবিলে স্কটল্যান্ডকে টপকে ওপরের স্থানটি নিজেদের করে নিলো আফ্রিকান দলটি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×