আদালতের সমন উপেক্ষা করার পর বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির মামলায় আত্মসমর্পণ করলে সময় টেলিভিশনের পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গ ও আর্থিক জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়। পরবর্তীতে ১৪ মে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সমন জারির বিষয়টি নিশ্চিত করেছিল।
তবে আদালতের নির্ধারিত তারিখে হাজির না হয়ে দীর্ঘ সময় সমন উপেক্ষা করায় গত বুধবার ১৭ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার আহমেদ জোবায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাঁকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।