সকল মেনু

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি হেফজুল কোরআন মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার ১৬ জুন রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী মাকসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার এক শিক্ষার্থীর মা বাদী হয়ে কেন্দুয়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। অভিযুক্ত হেলাল উদ্দীন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১২ জুন দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে টয়লেটে যেতে দেরি করে। এ সময় তার মা দেরি হওয়ার কারণ জানতে চাইলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং মোহতামিম কর্তৃক দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি প্রকাশ করে। শিশুটি জানায়, গত ৬ থেকে ৭ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে তার ওপর এ ধরনের পাশবিক নির্যাতন চালানো হচ্ছিল। ঘটনাটি জানার পর শিশুটির মা তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী রেনু জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং পরিবারটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এই জঘন্য অপরাধের কোনো ছাড় নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী মাকসুদ জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×