সকল মেনু

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মধ্যপ্রাচ্যে একটি টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব পক্ষেরই এমন পদক্ষেপ নেওয়া উচিত যা এই অঞ্চলকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।

চীনের নতুন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বৈশ্বিক শাসনব্যবস্থার বর্তমান ভঙ্গুর চিত্র তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ব্যবস্থার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, একের পর এক নতুন চ্যালেঞ্জের কারণে বৈশ্বিক সংকটগুলো আরও জটিল ও পরস্পরের সাথে জড়িয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিকে তিনি একটি বিপজ্জনক জলসীমার সাথে তুলনা করেছেন, যেখানে সভ্যতার জাহাজটি পাথুরে বাধা ও প্রবল ঝড়ের মুখোমুখি হচ্ছে। চলমান সংঘাতগুলোকে গভীরমূলের সমস্যার বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব এখন ব্ল্যাক সোয়ান বা অপ্রত্যাশিত সংকট এবং গ্রে রাইনো বা দৃশ্যমান কিন্তু অবহেলিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানান তিনি। তার মতে, দেশ বড় বা ছোট, শক্তিশালী বা দুর্বল, উন্নত বা উন্নয়নশীল যা-ই হোক না কেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিটি দেশই সমান সদস্য। বিশ্বজুড়ে টেকসই শান্তি ও সমতা ফিরিয়ে আনতে হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সব দেশের সমান অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×