সকল মেনু

পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে পুলিশের আলোচিত কর্মকর্তা ও সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাকলায়েনের বিরুদ্ধে পরীমনির সাথে গভীর রাতে অবস্থান ও শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণ পাওয়ায় এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনের সারসংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। এখন এটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির আদেশের পরই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপির ডিবিতে থাকাকালীন একটি মামলার তদন্ত তদারক করতে গিয়ে পরীমনির সঙ্গে সাকলায়েনের পরিচয় হয়। পরবর্তীকালে তাদের মধ্যে অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিআইডির ফরেনসিক প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, সাকলায়েন নিয়মিত পরীমনির বাসায় রাত্রিযাপন করতেন। এছাড়া ২০২১ সালের ১ আগস্ট সাকলায়েনের রাজারবাগের সরকারি বাসভবনে তার স্ত্রীর অনুপস্থিতিতে পরীমনি প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করেছিলেন।

সাকলায়েন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ও বিবাহিত হওয়া সত্ত্বেও চিত্রনায়িকার সাথে এমন অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করায় পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ঘটনায় গঠিত বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি কর্মকমিশনও (পিএসসি) এ বিষয়ে ইতোমধ্যে তাদের পরামর্শ প্রদান করেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×