শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমাতে শিক্ষাব্যবস্থাকে শ্রেণিকক্ষভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে যাতে শিক্ষার্থীরা স্কুলেই প্রয়োজনীয় পাঠ শেষ করতে পারে এবং তাদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়।
দক্ষ মানবসম্পদ গড়তে দেশজুড়ে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল ও কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে বলে তিনি উল্লেখ করেন। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষাকেই নতুন প্রজন্মের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে সরকার এবং এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
পরীক্ষার ফলাফল ও সেশনজট নিরসন প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী দুই মাসের মধ্যে এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে শিক্ষাব্যবস্থা এমনভাবে গোছানো হবে যাতে সেশনজট পুরোপুরি কমে যায় এবং শিক্ষার্থীরা কলেজ শেষ করেই দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।
শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। পাশাপাশি, সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে যেন নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই হাতে পায়। সরকার দেশের জনসংখ্যাকে প্রকৃত মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।