সকল মেনু

হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ শুক্রবার হজ অফিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ অফিসের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরতি হাজিদের পরিসংখ্যান অনুযায়ী, মোট ১২৩টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২০২ জন হাজি এখন পর্যন্ত স্বদেশে ফিরেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন ইন্তেকাল করেন।

তাছাড়া হজের সময় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ বছর সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজিকে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৪১০ জন হাজিকে প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রদান করেছে।

উল্লেখ্য গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় এবং গত ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ প্রক্রিয়া শেষে গত ৩০ মে থেকে শুরু হওয়া এই ফিরতি হজ ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×