ইসরাইল ও ইরানের মধ্যে হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।
ইরানের পক্ষ থেকে আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়েছে যে, ইসরাইল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর কড়া জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এর কয়েক ঘণ্টা পরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে সংঘাত এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে দুই মাস পর ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনের প্রচেষ্টা নেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন যে ইরান ও ইসরাইল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।
ট্রাম্পের এই বার্তার পরই মূলত ইরান ও ইসরাইলের হামলা আপাতত বন্ধের ঘোষণা আসে। একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের অনুরোধে ইসরাইল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক পদক্ষেপ বন্ধ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।