সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
গত রবিবার (৭ জুন, ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য চিত্র তুলে ধরা হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যান থেকে জানা যায়, গত মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা ঘটেছে এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি।
প্রতিবেদনে নারী ও শিশুদের ওপর সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে বলা হয়, আলোচিত এই সময়ে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ৪৯ থেকে ৭১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। সমাজ ও রাষ্ট্রে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট এবং অরাজকতার মতো অপরাধমূলক ঘটনাগুলো প্রতিনিয়ত অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।