সকল মেনু

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান ট্রাম্পের

লেবাননে ইসরাইলি হামলার জবাবে উত্তর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছো, এবার তা বন্ধ করো। আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো।’

চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত শনিবার (৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী (আইএএফ)। এতে ৪ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। বৈরুতে ইসরাইলের এই হামলার পর ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, তিনি এই হামলায় মোটেও খুশি হননি।

এরই সূত্র ধরে গত রবিবার (৭ জুন) রাতে উত্তর ইসরাইল লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানি কর্মকর্তাদের দাবি, বৈরুতে আইডিএফের নির্বিচার হামলার জবাব দিতেই এই পালটা আঘাত করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীও একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট সতর্কবার্তা দিয়ে বলেন, এই হামলা নিশ্চিতভাবেই শান্তি আলোচনা প্রক্রিয়ায় কোনো সাহায্য করবে না। ইরানকে অবিলম্বে এই সংঘাত বন্ধ করে চুক্তির পথে হাঁটা উচিত। ট্রাম্প আরও দাবি করেন, তারা একটি স্থায়ী চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং পরিস্থিতি অনুকূলে থাকলে সামনের সপ্তাহের সোমবার, মঙ্গলবার বা বুধবারের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×