বাংলাদেশকে জ্বালানি খাতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের একটি নির্ভরযোগ্য উৎস। বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা ও আকস্মিক ধাক্কা থেকে দেশের বাজারকে সুরক্ষিত রাখতে তিনি বাংলাদেশ ফার্স্ট নীতি কাঠামোর বিষয়টি রাষ্ট্রদূতের কাছে পুনর্ব্যক্ত করেন। এর পাশাপাশি এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের ঝুঁকি এড়ানো, দেশের বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নির্গমন হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপন এবং বন্দরের কাছাকাছি জ্বালানি বাঙ্কানিং সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাত যেভাবে নিজেদের দেশে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের কেন্দ্র তৈরি করছে, বাংলাদেশও সেই মডেল অনুসরণ করতে চায়। দেশের সার কারখানা ও ভারী ইস্পাত শিল্পকে প্রাকৃতিক গ্যাস থেকে গ্রিন হাইড্রোজেন বা গ্রিন অ্যামোনিয়াতে রূপান্তর করার জন্য তিনি আমিরাতের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়নে তাদের সরকারের গভীর আগ্রহের কথা জানান এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি দুই দেশের এই ঐতিহাসিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।