সকল মেনু

ইরানের প্রেসিডেন্টর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল তেহরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পশ্চিমা সংবাদমাধ্যমের সাজানো মিডিয়া গেইম বলে উড়িয়ে দিয়েছে তেহরান। দেশটির সরকারের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে, ইরান তার জাতীয় ঐক্য ও সংহতির পথ থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না এবং প্রেসিডেন্ট দেশ ও জনগণের সেবাতেই নিয়োজিত থাকবেন।

সম্প্রতি লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করে যে, গত রোববার দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ওই প্রতিবেদনে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট ও তার সরকারকে কার্যত বাইরে রাখা হচ্ছে। আর এই প্রশাসনিক শূন্যতার সুযোগ নিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর কট্টরপন্থী গোষ্ঠীগুলো রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।

এমন পরিস্থিতিতে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করা অসম্ভব উল্লেখ করে পেজেশকিয়ান অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করে সংবাদমাধ্যমটি। মূলত গত কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে বলে মার্কিন কর্মকর্তা ও পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে আসছিল।

তবে তেহরান এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় একে বিদেশি গণমাধ্যমের অপপ্রচার বলে আখ্যা দেন। দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিভেদের কথা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটি ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার একটি অপচেষ্টা মাত্র এবং যারা ইরানের বিভক্তি দেখতে চায়, তাদের এই ইচ্ছা নিয়েই কবরে যেতে হবে। তিনি স্পষ্ট করে দেন যে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পদত্যাগের এই খবর যদি সত্যি হয় তবে তা ইরানের ক্ষমতার সর্বোচ্চ স্তরে গভীর ও নজিরবিহীন বিভেদের ইঙ্গিত দেয়, যদিও তেহরান এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে।সূত্র: আনাদোলু ও জেরুজালেম পোস্ট

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×