চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত ‘লিউশেনইউ’ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনার পর পরই উদ্ধারকাজে অংশ নিতে ছয়টি দলের মোট ৩৪৫ জন উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, প্যারামেডিকরা ঘটনাস্থল থেকে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নিচ্ছেন এবং সেখানে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। দুর্ঘটনায় আহত ১০০ জনেরও বেশি মানুষকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে এবং খনির ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন। উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল হলেও এখানে প্রায়ই এমন মারাত্মক খনি দুর্ঘটনা ঘটে থাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।