সকল মেনু

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, মামলার আসামি হলেন যারা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

মামলার আসামিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা কিল-ঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি সনি আলফা এ-৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে বলে দাবি করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চলে যাওয়ার সময় হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়। ঝিনাইদহ সদর থানার ওসি জানিয়েছেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×