সকল মেনু

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ‘ব্লকেড কর্মসূচি’

শিশু রামিসার হত্যাকারীর কঠোর ও প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরে তীব্র গণবিক্ষোভ ও ‘ব্লকেড কর্মসূচি’ পালিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই কর্মসূচিতে অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ।

জুমার নামাজ শেষ হতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক প্রতিবাদী মিছিল এসে মিরপুর-১০ গোলচত্ত্বরে জড়ো হতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। এ সময় আন্দোলনকারীদের কণ্ঠে ‘আমার বোন খুন হলো কেন?’, ‘অপরাধীর ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন সব তীব্র প্রতিবাদী স্লোগান শোনা যায়।

আন্দোলনকারীদের প্রধান দাবি, কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও তোলেন অনেকে।

বিক্ষোভকারীরা শঙ্কা প্রকাশ করে বলেন, যদি এই ধরনের জঘন্য অপরাধের দ্রুত ও কঠোর সাজা নিশ্চিত করা না যায়, তবে সমাজে অপরাধ প্রবণতা আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। অপরাধীদের মনে ভয় সৃষ্টি করতে এবং ভবিষ্যৎ সমাজকে নিরাপদ রাখতে রামিসা হত্যার দ্রুততম বিচার এখন গণদাবিতে পরিণত হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×